📚উত্তরসহ মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন-২০২৫(প্রশ্নের মান-৩,৫)📚
Prepared by
Kabir Sir
৩. প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দের উত্তর দাও: ৩+৩=৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টারমশাই কে বোকা বানিয়েছিলেন ? (১+২)
Ans. সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত 'বহুরূপী' গল্পের মুখ্য চরিত্র, বহুরূপী হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন ।
♦ হরিদা পুলিশ সেজে স্কুলের চারজন ছাত্রকে আটক করেছিলেন যারা লিচুবাগানে অনধিকার প্রবেশ করেছিল । ছেলেগুলো ভয়ে কান্নাকাটি করতে থাকে । অবশেষে বিদ্যালয়ের মাস্টারমশাই পুলিশবেশী হরিদার স্বরূপ না বুঝতে পেরে তাকে অনুরোধ করেন ছেলেদের ছেড়ে দেওয়ার জন্য এবং আট আনা উপঢৌকন দিয়ে ছাত্রদের মুক্ত করেন । এইভাবেই হরিদা তার সুনিপুণ সাজসজ্জা ও অভিনয় কৌশলের মাধ্যমে মাস্টারমশাইকে বোকা বানিয়ে ছিলেন ।
৩.১.২ "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে" —কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে ? (১+২)
Ans. মানিক বন্দ্যোপাধ্যায়- এর লেখা "নদীর বিদ্রোহ" গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে ।
♦ নদীর উত্তাল ভয়ঙ্কর রূপ নদের চাঁদকে ভাবতে বাধ্য করেছে, যে মানুষের প্রযুক্তি প্রকৃতিকে বন্দি করে নিজেদেরই ক্ষতি করেছে । প্রকৃতির রুদ্ররোষ মানুষের সৃষ্ট গর্বের সৌধ ভেঙ্গে খান খান করে দিতে পারে । সেই কারণে প্রকৃতি তথা নদী প্রতিশোধ নিতে চায় । এই উপলব্ধি নদের চাঁদের মনে আসামাত্র নতুন ব্রীজ নিয়ে তার গর্ব চুরমার হয়ে যায় ।
৩.১.৩ "যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না ।'—'আহ্লাদ' হবার কথা ছিল কেন ? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী ?
Ans. তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসাবে তার নাম ছাপা হবে —এ কথা ভেবেই তপনের আহ্লাদ হওয়ার কথা ছিল ।
- তপনের ছোটোমেসোর সহায়তায় 'সন্ধ্যাতারা' পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে চারিদিকে সবাই মেসোর মহত্বেও কথাই বলতে থাকে । মেসো না থাকলে কোনোদিনই 'সন্ধ্যাতারা' পত্রিকার সম্পাদক তপনের লেখা ছুঁয়েও দেখত না —এরকম কথাও অনেকে বলে । এইসব কথার মাঝখানে আসল যে লেখক, সে-ই যেন কোথাও হারিয়ে যায় । তপনের যেন কোনো কৃতিত্বই নেই । এইসব দেখে লেখা ছেপে আসার পর তপনের যে আহ্লাদ হওয়া উচিৎ ছিল তা তপনের হয় না ।
৩.১.৪ "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।" — কার কথা বলা হয়েছে ? তার 'পাগলামিটি' কী ? ১ + ২
Ans. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের উল্লিখিত অংশে নদেরচাঁদের কথা বলা হয়েছে ।
- নদীর সঙ্গে সখ্য নদেরচাঁদের শৈশব থেকেই । কর্মক্ষেত্রে এসেও তার নদীর প্রতি আকর্ষণ একটুকুও কমেনি । তাই প্রবল বৃষ্টির কারণে পাঁচদিন নদীকে দেখতে না পেয়ে সে 'ছেলেমানুষের মতো' আকুল হয়ে ওঠে । নদীর প্রতি এই আকুলতাই ছিল তার 'পাগলামি' ।
৩.১.৫ "উনি ১০ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ।" — 'উনি' কে ? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন ? (১+২)
Ans. ইসাবের বাবা দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরেছিলেন ।
♦ ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায়, ইসাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃত নিজের জামার সঙ্গে তার জামা বদলে নিয়েছিল । কারণ অমৃতকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য তার মা আছে; কিন্তু ইসাবের মা নেই, তার রয়েছে শুধু বাবা । তাই জামা ছিঁড়ে আনলে অমৃত মারের হাত থেকে বাঁচলেও ইসাব বাঁচত না । অমৃতের মনের এই উদারতা দেখে আনন্দে ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরেছিলেন ।
৩.১.৬ "বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন ।" — বক্তা কে ? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন ? (১+২)
Ans. কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবী' উপন্যাস থেকে গৃহীত পথের দাবী রচনায় এই প্রশ্নের উদ্ধৃত অংশটি রয়েছে ।
♦ এখানে বক্তা হলেন পথের দাবী রচনার চরিত্র নায়ক অপূর্ব ।
♦ অপূর্ব -র বাবা অপূর্বদের থানার বড়বাবু নিমাইবাবুর চাকরির ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন । অপূর্বর বাবা নিমাইবাবুর পুলিশের চাকরি করিয়ে দেন ।
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.২.১ "আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !" — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো ।
Ans. "আসছে নবীন — জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন ।"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "প্রলয়োল্লাস" কবিতায় চলমান জীবনের জয়গান গাওয়া হয়েছে । কালের অগ্রগতিতে জীবন এসে হাত ধরে নূতনের । শাশ্বত জীবন ধারায় যা কিছু অ-সুন্দর তার বিনাশ ঘটিয়ে বিশ্বচরাচরে নূতনের আহ্বানকে মুক্ত করে । ধ্বংসের মাঝেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ । তাই চির আশাবাদী কবি পরাধীন ভারতীয়দের জীবনহারা অ-সুন্দর জীবনের ইতি টেনে নবীনকেই স্থায়ী আসন দিতে চেয়েছেন ।
৩.২.২ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;" —কাহাকে 'মহাবাহু' বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ? (১+২)
Ans. কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' -র প্রথম সর্গ থেকে গৃহীত 'অভিষেক' নামাঙ্কিত কাব্যাংশে উল্লিখিত 'মহাবাহু' বলা হয়েছে রাবণ পুত্র বীর মেঘনাদ ওরফে ইন্দ্রজিৎকে ।
♦ ইন্দ্রজিৎ ধাত্রী মা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণকারী রক্ষঃকুললক্ষ্মীর কাছ থেকে শুনতে পেয়েছিলেন যে, রাঘবশ্রেষ্ঠ রামচন্দ্রের হাতে তাঁর প্রিয় ভ্রাতা, বীরবাহু নিহত হয়েছেন । তাই পুত্রশোকে আহত ও ক্রুদ্ধ রাজা রাবণ 'সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি' । কিন্তু ইন্দ্রজিতের স্পষ্টভাবে মনে রয়েছে যে তিনি নিশারণে রাঘবদের পরাজিত করেছিলেন, শুধু তাই নয় তিনি তাদের খণ্ড খণ্ড করে কেটেও ছিলেন । সুতরাং মৃত রামচন্দ্র কিরুপে পুনর্জীবন লাভ করে
বীরবাহুকে হত্যা করতে পারেন — এই বিষয়টাই 'মহাবাহু' ইন্দ্রজিতের বিস্ময়ের কারণ হয়ে উঠেছিল ।
৩.২.৩ "অতি মনোহর দেশ" — এই মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও । ৩
Ans. সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কবিতায় সমুদ্রকন্যা পদ্মার একটি প্রাসাদ কল্পনা করা হয়েছে । এই প্রাসাদটিকে সমুদ্রের মাঝে দ্বীপভূমির মতো দেখায় । একেই অতি মনোহর দেশ বলা হয়েছে । কবির বর্ণনানুসারে এই দিব্যপুরী অতি মনোহর । সেখানে কোনো দুঃখকষ্ট নেই । আছে শুধু সত্যধর্ম এবং সদাচার । আর আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান । সেখানে গাছগুলিতে নানা ফল ও ফুলের সমারোহ ।
৩.২.৪ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ? ১ + ২
Ans. কবি গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন ।
- কবি জয় গোস্বামী তাঁর 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় যুদ্ধবাজ মানুষদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন । ক্ষমতার নেশায় মেতে ওঠা মানুষ নিজের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করতে হাতে অস্ত্র তুলে নেয় । অস্ত্র হিংসার প্রতীক । মানুষের পৃথিবীতে অস্ত্রের কোনো প্রয়োজন নেই । কারণ অস্ত্রই সভ্যতার শেষ কথা নয় । তাই কবি অস্ত্র ফেলে গানকেই জীবনযুদ্ধের হাতিয়ার করতে বলেছেন।
এখানে কবির মানবদরদী মনোভাবটি প্রকাশিত ।
৩.২.৫ "সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে ।" — কোন কোন জিনিসের কথা বলা হয়েছে ? এই পরিণতির কারণ কী ? (১+২)
Ans. চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত 'Extra vagaria' কাব্যের অন্তর্গত 'La disdichada' -এর নবারুণ ভট্টাচার্য কর্তৃক বাংলা অনূদিত 'অসুখী একজন' কবিতাটিতে এই প্রশ্নের উদ্ধৃত অংশটি রয়েছে ।
♦ কবির দেশে যুদ্ধের ফলে কবির বাড়ি, বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন, গোলাপি গাছে, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে ।
♦ এর পরিণতির কারণ ছিল ভয়ানক যুদ্ধ যাকে কবি বলেছেন— "তারপর যুদ্ধ এল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো" ।
৩.২.৬ "আমাদের ইতিহাস নেই" — কে, কেন এ কথা বলেছেন ? (১+২)
Ans. কবি শঙ্খ ঘোষ তাঁর রচিত "আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতায় প্রশ্নের উদ্ধৃত অংশটির কথা বলেছেন ।
♦ ইতিহাস হল কোনো জাতির এবং সভ্যতার আত্মবিকাশের পথ ও পর্যায়ের কাহিনি । কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাবান গোষ্ঠী, ধর্মসম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা, তখন ইতিহাসের বিকৃতি ঘটে । ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে ইতিহাসকে নিজেদের মতো করে গড়ে তোলে । মানুষ একসময় ভুলে যায় তার প্রকৃত ইতিহাস, আর চাপিয়ে দেওয়া ইতিহাসকেই নিজের বলে মেনে নেয় । এই পরিপ্রেক্ষিতেই এখানে কবি বলেছেন আমাদের ইতিহাস নেই ।
৪. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে ।" — বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও । (১+৪)
Ans. কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পথের দাবী' উপন্যাসের নাম গদ্যাংশে উল্লিখিত 'বাবু'টি ছিলেন, 'রাজনৈতিক সন্দেহভাজন' সব্যসাচী মল্লিক ওরফে ছদ্মবেশী গিরীশ মহাপাত্র ।
♦ গিরীশ মহাপাত্রের বেশভূষা ছিল খুবই হাস্যকর । ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়েও সে যেভাবে তার পোশাকের সৌখিনতা বজায় রেখেছিল তা পুলিশ অফিসার নিমাইবাবুর কাছে রীতিমতো জিজ্ঞাসার বিষয় হয়ে উঠেছিল । তার মাথায় চুল ছিল সামনের দিকে বড় বড়, ঘাড় ও কানের কাছে প্রায় নেই বললেই চলে, এমনই ছোটো করে ছাঁটা । মাথায় চেরা সিঁথি । চুল অপর্যাপ্তভাবে তৈলনিষিক্ত । তার লেবুর তেলের গন্ধবিলাসে পুলিশ স্টেশনের সকলের মাথা ধরে গিয়েছিল । গিরীশের গায়ে ছিল রামধনু রঙা জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি, যার পকেট থেকে দেখা যাচ্ছিল বাঘ আঁকা রুমালের কিছু অংশ । পরনে বিলাতি মিলের তৈরি কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি । পায়ে লোহার নাল দেওয়া বার্নিশ করা পাম্প-শু, সবুজ ফুল মোজা, যা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা । গিরীশের হাতে ছিল হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি । তবে, গৌরবর্ণ, কৃশকায় গিরীশের জামাকাপড় দীর্ঘ জাহাজ যাত্রার ধকলে যেন ময়লা হয়ে গিয়েছিল বলে লেখক মত প্রকাশ করেছেন ।
৪.২ জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো ।
Ans. সুবোধ ঘোষ রচিত 'বহুরূপী' গল্পে জগদীশবাবু একটি পার্শ্বচরিত্র । তিনি শিক্ষিত, মার্জিত ও ভদ্র, সৌম্য-শান্ত চেহারার অধিকারী, ধনী হলেও কৃপণ । তাঁর জীবনের দুর্বলতা হল অন্ধ ভক্তি । সুখ-শান্তির আশায় সাধু সন্ন্যাসী দেখলেই তাঁদের তিনি তুষ্ট করার চেষ্টা করতেন । সেই সুযোগের সদ্ব্যবহার করেই বহুরূপী হরিদা জগদীশবাবুর বাড়িতে প্রবেশ করেছিলেন ।
♦ হরিদা শুধুমাত্র পেশাগত জীবনে বহুরুপী নয়, তার ব্যক্তিগত জীবনও নাটকীয় বৈচিত্রে ভরা । তাই জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশে হরিদারকে আমরা দেখতে পাই । এক স্নিগ্ধ-শান্ত জ্যোৎস্নালোকিত উজ্জ্বল সন্ধ্যায় জগদীশবাবু বারান্দায় চেয়ারে বসেছিলেন । হঠাৎ বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গিয়েছিলেন । তাঁর চোখের পাতা পড়ছিল না । কারণ সিঁড়ির কাছে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি জটাধারী, হাতে কমণ্ডলু, চিমটে, মৃগচর্মের আসনসহ গৈরিক বসন পরিহিত কোন সন্ন্যাসী নন, তিনি একজন বিরাগী, যার আদুড় গা এবং তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় । পরনে ছোট বহরের থান, মাথার সাদা চুল বাতাসে উড়ছে, ধুলোমাখা হাত-পা, কাঁধে ঝোলা, ঝোলার মধ্যে বই বলতে গীতা । তাঁকে দেখে জগদীশবাবুর মনে হয়েছিল তিনি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে এসেছেন । তাঁর শীর্ণ শরীর দেখে মনে হচ্ছিল যেন অশরীরী এবং তার চোখ থেকে ঝরে পড়ছিল উদাত্ত শান্ত এক দৃষ্টি । বলাবাহুল্য তিনি আর কেউ নয়, সন্ন্যাসীবেশী হরিদা । হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশে খেলা দেখাতে গিয়ে অভাবী হওয়া সত্ত্বেও তাঁর দেওয়া সমস্ত সুযোগ প্রত্যাখ্যান করেন । কথক ও তাঁর বন্ধুরা যখন অভাবী হরিদা প্রণামী না নেওয়ার জন্য হরিদাকে কাঠগোড়ায় তুলেছেন, হরিদা তখন শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে নির্লিপ্তভাবে বলেছেন,
— "তাতে যে আমার ঢং নষ্ট হয় ।"
৪.৩ 'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও ।
Ans. প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পে নদীর সঙ্গে নদেরচাঁদের মধুর সম্পর্কের রূপটি প্রবলভাবে ফুটে উঠেছে । গল্পের সূচনাতেই আমরা দেখতে পাই, দীর্ঘ পাঁচদিন প্রচন্ড বর্ষার জন্য নদীকে দেখতে না পেয়ে নদেরচাঁদ অস্থির হয়ে উঠেছে । তাই বৃষ্টি থামলেই সে সহকারীকে দায়িত্ব দিয়ে ছোটে অতল জলের আহ্বানে । নদীই তার আপনজন । নদী তার কাছে শুধু প্রকৃতির দান নয়, আত্মার আত্মীয় । কর্মব্যস্ত জীবনে নদী তার খেলার সঙ্গী । তাই পাঁচদিন ধরে স্ত্রীকে লেখা চিঠি খুব সহজেই সে নদীর ঘোলাজলে ছিঁড়ে ফেলে দেয় আর এক অনাবিল আনন্দে ভরে ওঠে তার মন । শৈশবেও সে নদীর প্রতি ভালোবাসায় আবিষ্ট ছিল । নদী শুকিয়ে গেলে কান্নায় তার চোখ ভিজে যেত । আসলে নদীকে সে জীবন্ত সত্তা মনে করেছে, যার কাছে হারিয়ে গেছে তার একান্ত ব্যক্তিগত জীবন । এইসব ভাবনার মধ্য দিয়ে ধরা পড়েছে নদীর প্রতি তার আন্তরিক ভালোবাসা । নদীর ওপর ব্রিজ তৈরি করে নদীর স্বাভাবিক গতিকে রুদ্ধ করে রাখার প্রতিবাদে নদেরচাঁদের হৃদয়ও যন্ত্রনায় ফেটে পড়তে চায় । কন্তু ভাগ্যের এমনই পরিহাস যে, তাকেও মরতে হয় যন্ত্রসভ্যতার আর এক প্রতিভূর মাধ্যমে । চলন্ত রেলগাড়ি যন্ত্রদানবের মতোই মুহুর্তে নদেরচাঁদকে পিষে দিয়ে চলে যায়—যেন নদীর প্রতি নদেরচাঁদের এই সমব্যথারই উত্তর হিসেবে ।
৪.৪ "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না ।" — হরিদা কী ভুল করেছিলেন ? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী ? ৩ + ২ = ৫
Ans. 'বহুরূপী' গল্পে হরিদা অর্থ উপার্জনের জন্য বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন । হরিদার বেশভূষা, কথাবার্তায় জগদীশবাবু মুগ্ধ হয়ে 'বিরাগী'কে আতিথ্য গ্রহণের অনুরোধ জানান এবং বিদায়ের সময়ে একশো টাকা প্রনামী দিতে চান । কিন্তু হরিদা উদাসীনভাবে সে টাকা প্রত্যাখ্যান করে চলে যান । যাওয়ার সময় বলে যান— "আমি যেমন অনায়াসে ধুলো মাড়িয়ে চলে যেতে পারি, তেমনিই অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি ।" সন্ন্যাসী চরিত্রের সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে চরিত্রের 'ঢং নষ্ট হবে' বলে হরিদা টাকা নেননি । বিস্মিত গল্পকথক এটাকেই হরিদার 'ভুল' বলেছেন ।
- অভাবী হরিদার ভাগ্য হরিদাকে সঙ্গ দিতে চেয়েছিল । কিন্তু ব্যক্তিগত সততা ও আদর্শবোধের কারণে হরিদা ভাগ্যের সহায়তাকে প্রত্যাখ্যান করেছেন । যা নিশ্চিত করে দিয়েছে যে অভাব কখনও হরিদাকে ছেড়ে যাবে না । তার ভাতের হাঁড়িতে মাঝে মধ্যে শুধু জলই ফুটবে, তাতে চালের জোগান থাকবে না । কথকের মনে হয়েছে অদৃষ্ট কখনও হরিদার এই ভুলকে ক্ষমা করবে না ।
৪.৫ "তপন আর পড়তে পারে না । বোবার মত বসে থাকে ।" — তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা কর ।
Ans. আশাপূর্ণা দেবীর "জ্ঞান চক্ষু' গল্পে তপন লেখক হতে চেয়েছিলেন । কিন্তু তার ধারণা ছিল লেখকরা সাধারণ মানুষ নন, আকাশ থেকে পড়া অতিলৌকিক কোনো প্রতিভা । নতুন মেসোকে দেখে তপনের এই ধারণা দূর হয় । এবার তপন একটা গল্প লিখে ফেলে । মেসো প্রতিশ্রুতি দেন সন্ধ্যাতারা পত্রিকায় তিনি সেটা ছাপিয়ে দেবেন । গল্প ছাপানো হলে ছাপানো গল্পটা পড়ে তপন হতবাক হয়র যায় । গল্পের প্রতিটি লাইন নতুন ও আনকোরা । তার মধ্যে তপন নিজেকে একবারেই খুঁজে পায় না । তার মনে হয় গল্পটা তার নয় । নিজের লেখা গল্পের আমূল পরিবর্তন দেখে তপন দুঃখ ও অপমানিত বোধ করে । নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুরোটাই কারেকশন করে দিয়েছেন , তখন সে আর পড়তে পারে না ।
৪.৬ "অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল ।" — অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন ? (৩+২)
Ans. ইসাবে নতুন জামার মতো জামা চেয়ে অমৃত প্রবল বায়না শুরু করল । সে তার প্রায় নতুন জামাটির একটা ছেঁড়া জায়গায় আঙ্গুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয় । তাকে বেঁধে রেখে মারতে বলে, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, খাওয়া ছেড়ে দেয় এবং রাতেও বাড়ি ফিরতে রাজি হয় না ।
♦ অবশেষে অমৃতের মা তার স্বামীকে বলে ওর জন্য নতুন জামা কেনার ব্যবস্থা করে ।
৫. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫
৫.১ "হায় ছায়াবৃতা" — 'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো । (১+৪)
Ans. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'পত্রপুট' কাব্যগ্রন্থের অন্তর্গত 'আফ্রিকা' কবিতার প্রশ্নোদ্ধৃতাংশে অসূর্যম্পশ্যা, বনস্পতি পরিবেষ্টিত আফ্রিকা মহাদেশে দীর্ঘদিন সূর্যের আলো ও সভ্যতার আলো প্রবেশ না করায় তাকে 'ছায়াবৃতা' বলা হয়েছে ।
♦ 'আফ্রিকা' কবিতায় কবিগুরু আফ্রিকার জন্মলগ্ন থেকে তার বিবর্তনের কথা ও সর্বশেষে ঔপনিবেশিক শক্তির হাতে তার বন্দিনী হওয়ার করুন আখ্যান বর্ণনা করেছেন । জন্মমুহূর্তে আফ্রিকা প্রাচী ধরিত্রীর অখন্ড অংশের সাথে যুক্ত ছিল । কিন্তু সমুদ্রের উত্তাল জলস্রোতে সে মাতৃহারা হল, আশ্রয় নিল অরণ্যের বন্ধনে, যেখানে সূর্যরশ্মিরও প্রবেশ নিষেধ । এই ঘন অরণ্যবেষ্টিত আফ্রিকা ক্রমশ ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠছিল, চিনছিল জলস্থলের দুর্বোধ সংকেত । কবির কথায় —
"বিদ্রুপ করেছিলে ভীষণকে
বিরূপের ছদ্মবেশে"
আফ্রিকার এই স্বাধীন সফর, নিজেকে চিনতে শেখার সফর অল্প কিছু দিনের মধ্যেই সমাপ্ত হয়ে গেল । তার কোমল কায়ায় থাবা বসলো মানুষ— নেকড়ের দল যারা নিজেদের পাশ্চাত্যের শিক্ষিত সম্প্রদায় বলেই পরিচয় দিয়ে থাকেন । ঔপনিবেশিক শক্তির আক্রমণে আফ্রিকার কুমারীত্ব গেল ঘুচে । তার বনজ ও মানবিক সম্পদ দখল করে নিল 'মানুষ ধরার দল' কালিমালিপ্ত হল ইতিহাস, অপমানিত আফ্রিকার অশ্রুজলে । আফ্রিকার অবগুণ্ঠিত ক্রন্দনে —
"বাষ্পাকুল হল অরণ্যপথে,
পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে"
ছায়াবৃতা আফ্রিকার কালো ঘোমটার নীচে লুক্কায়িত মানবী রূপ প্রকাশিত হল বিশ্বের কাছে, কিন্তু সে যে যন্ত্রণাদায়ক প্রকাশ । কবি একথা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন । তাই তিনি 'যুগান্তের কবি' কে আহ্বান করেছেন এবং বিশ্বমানবতাকে বলেছেন এই 'মানহারা মানবী'র কাছে ক্ষমা প্রার্থনা করতে । কবির কথায়, এই ক্ষমাভিক্ষাই হয়ে উঠুক 'সভ্যতার শেষ পুণ্যবাণী' ।
৫.২ "যেখানে ছিল শহর /সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।" — 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো ।
Ans. চিলিয়ান কবি পাবলো নেরুদার "অসুখী একজন" কবিতায় অপেক্ষমান নারীর মধ্যে ভালোবাসার অনির্বাণ রূপটি ফুটে উঠেছে । কথক তাঁর প্রিয় নারীকে রেখে বহুদূরে চলে যান । অপেক্ষারতা জানত না যে তার প্রিয়তম আর ফিরে আসবে না । সময় চলমান তাই তা অতিক্রম করে কালকে । কথকের পদচিহ্ন ধুয়ে যায় । তাঁর চলার পথে ঘাস জন্মায় তবুও নারীর প্রতীক্ষার অবসান ঘটে না ।
এইভাবে প্রতিক্ষার প্রহর গুণতে গুণতে সময়ের পাল্লা ভারী হয়ে মেয়েটির মাথায় যেন চিন্তার পাহাড় নেমে আসে । যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে শহরে । আগুনের করাল গ্রাসে ধ্বংস হয় শিশু দেবতারা । শান্ত হলুদ দেবতারা তাঁদের মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে । কবির স্বপ্নের বাড়ি-ঘর সব চূর্ণ হয়ে যায়, পুড়ে যায় আগুনে । যেখানে শহর ছিল সেখানে চারদিকে ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ । কিন্তু এত সবের মধ্যেও কবির প্রিয়তমা বেঁচে রইলেন । কারণ, প্রেম শ্বাশত তার মৃত্যু নেই । সেই জন্য ধ্বংসের মাঝেও বেঁচে থাকে মেয়েটির অনির্বাণ ভালবাসা, বেঁচে থাকে ভালবাসার জন্য প্রতীক্ষা । আগামীর প্রত্যাশায় যা চিরন্তন অমলিন স্মৃতিতে ভাস্বর ।
৫.৩ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও । ১ + ৪
Ans. রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতার অন্তর্গত উদ্ধৃত অংশটিতে 'তোমার' বলতে আফ্রিকার কথা বলা হয়েছে ।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'আফ্রিকা' কবিতায় আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ-বঞ্নার কাহিনিকে বর্ণনা করেছেন । প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘসময় ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল । কিন্তু উনিশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন শুরু করে । এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় । এইসব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের ওপর নির্মম অত্যাচার চালাত । তাদের নির্লজ্জ লোভ যেন বর্বরতার রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল । ক্ষতবিক্ষত হয়েছিল আফ্রিকার মানুষ । তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি । সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাঁটা-মারা জুতোর নীচে বীভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে ।
৫.৪. "অস্ত্রের বিরুদ্ধে গান" — কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো । ৫
Ans. কবি জয় গোস্বামীর লেখা 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় বর্ণিত হয়েছে যুদ্ধের বিরুদ্ধে গানের প্রয়োগ কথা । মানুষের পীড়ন-আর্তনাদের কলরোল গানের সুরের প্রলেপ দিয়ে ঢেকে দিতে হবে । সমস্ত ক্ষমতা, হিংস্রতা ও দম্ভকে বশ করার জন্য গানই কবির বন্ধু হয়ে উঠেছে । অস্ত্রের উদ্ধত আক্রমণকে রুখতে কবি গানকে অবলম্বন করেছেন । কবি চান উদার মানবিকতার সুউচ্চ আদর্শের অনুরণনে সমাজের বুকে উদ্যত অস্ত্রের ঝংকার বন্ধ হোক । কবির বিশ্বাস গানের সুরে তাড়ানো যায় বুলেট । আর যুদ্ধ নয় এবার হোক মানবতার জয় । একমাত্র গানই পারে সেই জয়কে ঘোষিত করতে, কারণ গান মানুষের অনাবিল ভালোবাসার প্রকাশ । যারা রক্তচক্ষুর শাসন নিয়ে ঘুরে বেড়ায় তারাও একদিন গানের পায়ে অঞ্জলি দেবে সব অস্ত্র — এটাই কবির বিশ্বাস । তাই কবি দৃঢ় ভঙ্গিতে বলতে পেরেছেন —"অস্ত্র ফ্যালো,অস্ত্র রাখো পায়ে ।"
৫.৫ "আমরাও তবে এইভাবে / এ মুহূর্তে মরে যাব না কি ? ?" — এমনটা মনে হচ্ছে কেন ?
Ans. প্রশ্নোদ্ধৃতাংশ মন্তব্যটি কবি শঙ্খ ঘোষ রচিত "আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতায় উল্লেখ করেছেন ।
♦ চারপাশের অরাজকতা, ধর্ম কিংবা রাজনীতি —প্রতিটি ক্ষেত্রেই অসহিষ্ণুতা, সাম্রাজ্যবাদের সীমাহীন লোভ পৃথিবী জুড়ে হত্যা আর ধ্বংসলীলা চালাচ্ছে । বেঁচে থাকাটাই যেন এক বিস্ময় হয়ে উঠেছে । শিশুরা পর্যন্ত এই ধ্বংসলীলা থেকে রেহাই পাছে না । এই অবস্থায় প্রতিটি মানুষই যেন বেঁচে থাকার অনিশ্চয়তায় ভুগছে । সর্বোপরি, এই পরিজনহীন অবস্থাতে বেঁচে থাকা যেন মৃত্যুর মতো যন্ত্রনাদায়ক । এ কারণেই কবি প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি করেছেন ।
৫.৬ "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । (১+৪)
Ans. পিতা ও পুত্র বলতে লঙ্কাধিপতি রাবণ ও তার প্রিয় পুত্র মেঘনাদের কথা বলা হয়েছে ।
♦ পুত্রের কথায় পুত্রবৎসল এক পিতার হৃদয়ের প্রকৃত স্বরূপটি প্রকাশিত হয় । যেখানে ধ্বনিত হয় স্নেহ হাহাকার ও অসহায়তা । রক্ষোকুলের শ্রেষ্ঠ সম্পদকে বিপদের মুখোমুখি হতে দিতে তিনি চান না।
♦ "এ কাল সমরে, / নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা / বারংবার ।" কারণ তিনি জানেন স্বয়ং বিধাতাও তার প্রতি বিমুখ । নইলে শিলা যেমন জলে ভাসে না, তেমনই মৃত কখনই পুনরুজ্জীবিত হয় না । অথচ ভাগ্যবিড়ম্বিত দশাননের জীবনে তাই ঘটেছে । পৌরুষে উদ্দীপিত ইন্দ্রজিৎ অগ্নিদেবকে রুষ্ট করতে কিম্বা ইন্দ্রদেবের উপহাসের পাত্র হতে চান না ।
♦ তাই তিনি বলেন—
" আর একবার পিতঃ দেহ আজ্ঞা মোরে ;
দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে !"
বিক্ষত হৃদয়ে রাবণের দৃষ্টির সামনে ভূপতিত পর্বতসম কুম্ভকর্ণ । তিনি প্রাণাধিক প্রিয় 'বীরমণিকে' প্রথমে ইষ্টদেবের পূজা ও তারপর নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে পরদিন সকালে যুদ্ধযাত্রা করতে বলেন । যথাবিহিত উপাচারে 'গঙ্গোদক' সহকারে রাবণ মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করেন ।
৬. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫
৬.১. "বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে ।" — এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, তা আলোচনা করো ।
Ans. "বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা" — প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা বিষয়ে বিভিন্ন বাধা ও তার দূরীকরণ বিষয়ে নিম্নরূপ আলোচনা করেছেন —
প্রথমত, ইংরেজী জানেন এবং ইংরেজীতে বিজ্ঞান পাঠ এমন পাঠকের বাংলায় বিজ্ঞানচর্চা বেশ কঠিন ।
দ্বিতীয়ত, বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এ পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ।
তৃতীয়ত, পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বিজ্ঞানবোধ খুবই কম । সামান্য বিজ্ঞানবোধ না থাকলে বিজ্ঞান ভিত্তিক রচনা বোধগম্য হয় না । তাই বাংলায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে সমস্যা থেকে গিয়েছে ।
চতুর্থত, অনেক লেখকের ভাষা আড়ষ্টতা ও ইংরেজির আক্ষরিক অনুবাদ দোষে দুষ্ট হয়ে রচনা তার সাবলীলতা হারায় ।
পঞ্চমত, অনেকে পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনাকে সহজ বোধ্য করার ভাবনা ভাবলেও তা বাস্তবতা পায়নি ।
ষষ্ঠত, উপমা ও রূপক ছাড়া অন্যান্য অলংকার বিজ্ঞানভিত্তিক রচনার গুরুত্বকে লঘু করে দেখায় ।
সপ্তমত, শেষ বাধাটি হল ভুল তথ্য পরিবেশন । অনেকেই না জেনে বা সামান্য জেনে বাংলায় বিজ্ঞান রচনায় ভুল তথ্য পরিবেশন করেন ।
প্রাবন্ধিকের মতে আলোচিত বাধাগুলি অতিক্রম করতে না পারলে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা ত্রুটিহীন হওয়া সম্ভব নয় ।
৬.২ 'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো (১+১+৩)
Ans. বিশিষ্ট প্রাবন্ধিক নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধ অনুযায়ী 'ফাউন্টেন পেন' বাংলায় 'ঝরনা কলম' নামে পরিচিত ।
♦ উক্ত নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন ।
♦ তথাকথিত 'ফাউন্টেন পেন' -এর পূর্বনাম ছিল 'রিজার্ভার পেন' । একেই উন্নত করে 'ফাউন্টেন পেন' -এর রূপদান করা হয়েছিল । 'ফাউন্টেন পেন' -এর স্রষ্টা ছিলেন, লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামে জনৈক ব্যবসায়ী । তিনি একবার অন্য আরেক ব্যবসায়ীর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করতে গিয়েছিলেন । কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করা কালীন দোয়াতে রাখা কালি কাগজের উপর উল্টে পড়ে যায়, ফলে ওয়াটারম্যানকে কালি সংগ্রহের জন্য পুনরায় বাইরে যেতে হয় । কিন্তু ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে অন্য এক তৎপর ব্যবসায়ী চুক্তিপত্র স্বাক্ষর করে চলে গিয়েছেন । দোয়াতে রাখা কালির জন্য ঘটা এই দুর্ঘটনা যাতে আর না ঘটে, এই উদ্দেশ্যে ওয়াটারম্যান 'ফাউন্টেন পেন' -এর আবিষ্কার করেছিলেন । এইভাবে লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কারের মধ্য দিয়ে ''কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন ।
৬.৩ "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ? ১ + ৪
Ans. প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা কালি তৈরি করতেন ।
- প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা নিজেরাই কালি তৈরি করতেন । যদিও তাঁর মা, পিসি ও দিদিরা এই কালি তৈরি করতে সাহায্য করতেন । এই কালি তৈরি করা নিয়ে প্রাচীনেরা বলতেন— "তিল ত্রিফলা শিমুল ছালা / ছাগ দুগ্ধে করি মেলা / লৌহ পাত্রে লোহায় ঘসি / ছিঁড়ে পত্র না ছাড়ে মসি ।" ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল ব্যবস্থাপনা । প্রাবন্ধিকরা এত কিছুর আয়োজন করতে পারতেন না, তাই তারা সহজ কালি তৈরির পদ্ধতি অবলম্বন করতেন । বাড়ির রান্না হত কাঠের আগুনে, সেখানে রান্নার পর কড়াইয়ের নীচে প্রচুর কালি জমত । লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রেখে তাঁরা জল দিয়ে গুলতেন । এভাবেই প্রাবন্ধিকরা কালি তৈরি করতেন । তবে যারা কালি তৈরিতে ওস্তাদ ছিল, তারা ওই কালো জলে হরতকী ঘষত । কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই কালো জলে মেশাত । সব ভালোভাবে মেশানোর পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই কালো জলে ছ্যাঁকা দিত জল ফোটানোর জন্য । কিছু সময় টগবগ করে ফোটানোর পর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই লেখার জন্য কালি প্রস্তুত হয়ে যেত ।
৬.৪ "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ? ৫
Ans. বাংলা ভাষায় বিজ্ঞান যারা পড়েন, তাদের স্বরূপ নির্ণয় করতে গিয়ে লেখক বৈজ্ঞানিক প্রবন্ধের পাঠকদের দুটি শ্রেণিতে ভাগ করেছেন । প্রথম শ্রেণি, যাঁরা ইংরেজি জানেন না বা খুব অল্প জানেন, দ্বিতীয় শ্রেণি যাঁরা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বই পড়েছেন । পাশ্চাত্যের সঙ্গে তুলনা করতে গিয়ে এ দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতার কথা তিনি বলেছেন । বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলির সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ বোঝা সম্ভব নয় । ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা খুব সহজ, কারণ সাধারন মানুষ অনায়াসে তা বোঝে । কিন্তু আমাদের দেশের সামাজিক পরিস্থিতি এতটা সহজ নয় । এখানে বয়স্কদের জন্য যা লেখা হয়, তা প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে তাঁদের বোঝাবার মতো সহজ হয় না । বাংলা ভাষায় যাঁরা বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন, তাঁদের জনপ্রিয়তা পেতে গেলে এই বিষয়গুলো মনে রাখতে হবে । বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে প্রাবন্ধিক এই কথাগুলো বলেছেন । মনে রাখা দরকার যে, বিজ্ঞানশিক্ষার প্রসার যথাযথ না হলে বিজ্ঞান বিষয়ক সাহিত্যের বিকাশ ঘটাও সম্ভব নয় ।
৬.৫ 'বাংলা ভাষায় বিজ্ঞান' শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো ।
Ans. রাজশেখর বসু 'বাংলা ভাষায় বিজ্ঞান' নামক প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেসব বাধার কথা বলেছেন তার অন্যতম হল পারিভাষিক শব্দের অভাব । একবার বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন । কিন্তু যেহেতু তাঁরা কাজটি একত্রে করেননি, ফলে নতুন রচিত পরিভাষাগুলির মধ্যে সমতা ছিল না । একই বিষয়ের অনেকগুলি করে পরিভাষা তৈরি হয়েছিল । বরং ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতি অনেক একত্রিতভাবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার মানুষদের নিয়ে পরিভাষা সংকলন তৈরি করতে পেরেছিল । তবে সংকলনটি আরও পূর্ণাঙ্গ হওয়া প্রয়োজন বলে প্রাবন্ধিক মনে করেছেন । পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান বিষয়ক রচনা সম্ভব নয়, আবার পরিভাষা তৈরির সময় বিজ্ঞান আলোচনার যে নিজস্ব রচনাপদ্ধতি রয়েছে সেদিকেও খেয়াল রাখতে হবে । কিন্তু সবার আগে প্রয়োজন জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির থেকে সাহায্য নিয়ে সকলে মিলে নতুন পরিভাষা গড়ে তোলা ।
৬.৬ "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ? (১+১+৩)
Ans. নানা ধরনের ফাউনটেন পেন, কালি, দোয়াত, কলমদানি —এ সবই আজ অবলুপ্তির পথে ।
♦ কম্পিউটারের ব্যাপক ব্যবহার এই অবলুপ্তির কারণ ।
♦ লেখক এতে বিপন্ন বোধ করেন ।
♦ কলমের দ্বারা নিজের হাতে লেখাটা লেখকের কাছে অধিক প্রীতিকর । কিন্তু বিজ্ঞানের চরম উন্নতিতে লেখালেখির কাজকে অতি সহজবোধ্য ও উপযোগী করতে কম্পিউটারের ব্যবহার সর্বত্র । তাই লেখক কলমের অবলুপ্তির কথা ভেবে নস্টালজিক হয়ে পড়েন । তিনি আরও চিন্তিত এই কারণে যে হাতে লেখা হয়তো চিরতরে মুছে যাবে, কী হবে ক্যালিগ্রাফিস্টদের অস্তিত্ব ? এ সকল ভাবনায় লেখক বিপন্নবোধ করেন ।
৭. কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৭.১ 'সিরাজউদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ।
Ans. শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত 'সিরাজদ্দৌলা' নাটকের সিরাজ এক অসামান্য ব্যক্তিত্ব । তাঁর চরিত্রের যে গুণগুলি সহজেই আমাদের আকর্ষণ করে, সেগুলি হল —
দেশাত্মবোধ :- সিরাজ তাঁর নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেন নি । বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তাই তাঁর কাছে প্রধান হয়ে ওঠে । বাংলাকে বিদেশী শক্তির হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি অধস্তনের কাছে ক্ষমা চাইতে বা শত্রুর সঙ্গে সন্ধিতেও পিছপা হন না ।
সাম্প্রদায়িক মানসিকতা:- সিরাজ বুঝেছিলেন বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়— হিন্দু মুসলমান মিলিত প্রতিরোধই বাংলাকে ব্রিটিশের আগ্রাসন থেকে মুক্ত করতে পারে । সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবোধ সত্যিই বিরল দৃষ্টান্ত ।
আত্মসমালোচনা :- নবাব সিরাজদ্দৌলা বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে, তেমনি তাঁর নিজেরও অনেক ত্রুটি আছে । তাই তিনি বাংলার বিপদের দিনে নিজের ভুল স্বীকারে দ্বিধাগ্রস্থ হন না ।
দুর্বল মানসিকতা :- সিরাজ তাঁর শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নি । তেমনি ঘসেটি বেগমের অভিযোগেরও তিনি প্রতিবাদ করতে পারেন না । বরং নিজের দুর্বলতা নিজে মুখেই স্বীকার করে নেন "পারিনা শুধু আমি কঠোর নই বলে ।"
সব মিলিয়ে নাট্যকার নবাব সিরাজকে সফল ট্রাজিক নায়কের রূপ দিতে সক্ষম হয়েছেন ।
৭.২ "কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" — কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী (১+৩)
Ans. বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত 'সিরাজদ্দৌলা' নাট্যাংশের প্রশ্নোদ্ধৃতাংশ কথাটি বাংলার শেষ স্বাধীন নবাব, সিরাজদৌলা ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে বলেছেন ।
♦ সিরাজ ছিলেন একজন দক্ষ কূটনৈতিক । তাই তিনি তাঁর সভাসদদের সকল গোপনীয় কার্যকলাপের খবরাখবর রাখতেন । ইংরেজ প্রতিনিধি, ওয়াটসের কাছে আসা কিছু গোপন পত্রও সিরাজের হাতে এসে পৌঁছায় । এই পত্রগুলির মধ্যে ছিল অ্যাডমিরাল ওয়াটসন -এর পত্র ও ওয়াটসের পত্র । পত্রগুলি থেকে সিরাজ জানতে পারেন, কোম্পানির ফৌজ আরো জাহাজ ও আরো সৈন্যদলসহ বাংলার অভিমুখে যাত্রা করেছে, এমনকি অ্যাডমিরাল এও বলেছেন বাংলায় তিনি এমন আগুন জ্বালাবেন যে তা গঙ্গার জল দিয়েও নেভানো যাবে না । ওয়াটসের পত্রে বলা ছিল নবাবের উপর নির্ভর না করে চন্দননগরের ফরাসি কুঠি আক্রমণ করাই শ্রেয় । নবাবের প্রতি এহেন অমর্যাদা প্রদর্শন ও চক্রান্ত স্বভাবতই সিরাজের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না । তাছাড়া তিনি আরো জানতে পারেন যে, ওয়াটস তাঁরই সভায় স্থান পেয়ে সভাসদ ও আত্মীয়স্বজনের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের নবাব বিরোধী চক্রান্তে লিপ্ত হতে বাধ্য করেছেন । তারা নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য রাতের আঁধারে অস্ত্রে শান দিচ্ছে ।
কোম্পানির এহেন কুচক্রী কার্যকলাপে বিরক্ত ও ক্রুদ্ধ হয়েই নবাব সিরাজ ওয়াটসকে বলেছিলেন — "কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা ।"
৭.৩ "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? ১+৩
Ans. বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের 'সিরাজউদ্দৌলা' নাট্যাংশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা সিপাহসলার মীরজাফর ও তার অনুগামীদের উদ্দেশ্য এ কথা বলেছেন ।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশঃ তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে । কলকাতা এবং কাশিমবাজারে তাঁদের দুর্গনির্মাণ অব্যাহত । এর মধ্যে সিরাজের বিরুদ্ধে স্বয়ং মীরজাফর ও ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন । বিচক্ষণ সিরাজ বুঝেছেন এই পরিস্থিতিতে তাঁর ধৈর্য হারালে চলবে না । নিজেকে সংযত রেখে মনোমালিন্য মিটিয়ে নিতে হবে । তাই মীরজাফর ও তার অনুগামীদের যাবতীয় অভিযোগ নিজে মাথা পেতে নিয়ে তিনি সোহার্দ্য স্থাপনে প্রয়াসী হয়েছেন । নিজের অপরাধ স্বীকার করে নিয়ে মীরজাফরকে বাংলার ঘোর দুর্দিনে সঙ্গ ত্যাগ না করার আবেদন জানিয়েছেন ।
৭.৪ "ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !" — বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ?
Ans. শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত 'সিরাজদৌলা' শীর্ষক নাট্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটির বক্তা হলেন ঘসেটি বেগম ।
- ঘসেটি বেগমের প্রকৃত নাম মেহেরুন্নিসা । তিনি নবাব আলিবর্দি খাঁ-র বড়ো মেয়ে, সম্পর্কে সিরাজের মাসি । ঢাকার শাসনকর্তা শাহমৎ জঙ্গের সঙ্গে ঘসেটির বিয়ে হয় । দত্তক পুত্র ইকরমের মৃত্যু হলে তার শোকে শাহমৎ জঙ্গও মারা যান । বিধবা ঘসেটি বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হন । এদিকে বাংলার শাসনভার আলীবর্দী খাঁর মনোনীত সিরাজদৌলার হাতে যায় । এই ঘটনা ঘসেটি বেগমের ঈর্ষার কারণ হয় । তিনি আলিবর্দির মেজো মেয়ের ছেলে শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করেন । বাংলার নবাব আলিবর্দির মৃত্যুর পরে ঘসেটি রাজবল্লভ ও অন্যদেরও নিজের দলে টানেন । এসব জানতে পেরে ক্ষিপ্ত সিরাজ ঘসেটির মতিঝিলে প্রবেশ নিষিদ্ধ করেন এবং তাঁকে নিজের রাজপ্রাসাদে নজরবন্দি করে রাখেন । তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেন । শওকত জঙ্গ সিরাজের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় । ঘটনাক্রমে ঘসেটি বেগম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন । কিন্তু তাঁর ক্ষমতা পুনরুদ্ধারের সমস্ত রাস্তা একে একে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত ঘসেটি বুদ্ধিভ্রষ্ট হয়ে যান ।
৭.৫ "মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।" — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ? (১+৩)
Ans. শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে এই প্রশ্নে উদ্ধৃত অংশটি রয়েছে ।
♦ ইংরেজ অ্যাডমিরাল ওয়াটসন পত্র লিখেছিলেন মুর্শিদাবাদে থাকে ইংরেজ প্রতিনিধি ওয়াটসনকে ।
♦ এই পত্রে লেখা ছিল —"কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছেন তা দ্রুত কলকাতা পৌঁছাবে । আমি আর একটা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া খবর দিব বাংলায়, আরও জাহাজ ও সৈন্য আবশ্যিক । আমি এমন আগুন জালাইবো যা সমগ্র গঙ্গার জল দিয়েও নেভানো যাইবে না ।"
এইভাবে ব্রিটিশরা ভারতে কলকাতা জয়ের পর সমগ্র ভারত হাতে নিতে চেয়েছিল । কিন্তু সিরাজ এই পত্রের সম্বন্ধে জানার পর এর বিহিত হিসাবে ওয়াটসনকে রাজদরবার ত্যাগ করতে বলেন এও বলেন — "আমরা তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানও ।"
৮. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০
৮.১ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও ।
Ans. বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসে প্রান্তিক পরিবারের সন্তান কোনির গঙ্গায় একজন মেঠো সাঁতারু থেকে ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার এক রোমাঞ্চকর কাহিনী বর্ণিত আছে ।
♦ কোনি ছিল নিম্নমধ্যবিত্ত পরিবারের কন্যা । সুতরাং তার জীবনের সাথে দারিদ্র্য ও বঞ্চনা জড়িয়ে ছিল ওতপ্রোতভাবে । বেদনায় বিধুর কোনির জীবনে দারিদ্রই হয়ে উঠেছিল তার জীবনের সঙ্গী । কবির কথায় — "হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান ।" কোনির দরিদ্র পরিবারে ছিল তার মা, তার দাদা কমল পাল, তার ছোট ভাই গোপাল এবং আরো দুই বোন । তার এক দাদা মারা গিয়েছে ইলেকট্রিক তারে কাটা পড়ে, অপর এক দাদা থাকে পিসির বাড়ি, কাঁচড়াপাড়ায় । দারিদ্র্যক্লিষ্ট কোনির সংসারে একমাত্র 'bread-winner' ছিল কমল পাল, সে রাজাবাজারে মোটর গ্যারেজে কাজ করে । সামান্য আয়ে সংসার চলে । কোনির শৈশবের কুয়াশার আড়ালে বাবা হারিয়ে গেছে টি.বি. রোগে । কমলও আকস্মিকভাবে একই রোগে পৃথিবী থেকে বিদায় নেয় । ফলে, কোনির পরিবার থেকে হারিয়ে যায় সুখের কলরোল । শ্যামপুকুর বস্তির চালার ঝুপড়ি ঘরে নেমে আসে বিষন্নতা । হতাশার বেনোজলে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ ।
সাঁতারে আসার আগে, কোনি গঙ্গায় সাঁতার কেটে আম কুড়োত আর পয়সা উপার্জনের আশায় সেই আম বাজারে বেচতো । সামান্য ফ্যান ভাত, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খেয়েই জীবন ধারণ করতো । থাকতো অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট একটা ঘরে । কিন্তু কমলের মৃত্যুর পর, কোনিদের অবস্থা আরো সঙ্গীন হয়ে পড়ে । ছোট ভাই পনেরো টাকা মাইনেতে চায়ের দোকানে কাজ করতে লেগে পড়ে । কোনি চল্লিশ টাকা মাইনেতে ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর টেলারিং শপ, 'প্রজাপতি' তে ফাইফরমাশ খাটতে থাকে আর কমলের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে যে সে ভারতসেরা সাঁতারু হয়ে উঠবে, কোনি কমল দীঘির জলে স্বপ্নের ঢেউ তোলে । ক্ষিতিশের বদান্যতায় কোনির পরিবার কমলের অনুপস্থিতিতে মুখে ভাতটুকু তুলতে পারে । দু-টাকার ডিম, কলা, টোস্টের জন্য লালায়িত কোনি ও তার যৌথ পরিবারকে ক্ষিতীশ নিজের কাঁধে তুলে নিয়েছিল । এভাবেই উপন্যাসে কোনির বেদনাদীর্ণ পারিবারিক জীবনের চালচিত্র ফুটে উঠেছিল ।
৮.২ ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো ।
Ans. বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসে কোনির ক্ষিদ্দা ক্ষিতীশ সিংহ আগাগোড়া এক ব্যতিক্রমী মানুষ । সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে নিজের একগুঁয়েমি নিষ্ঠা ও অধ্যাবসায়কে পাথেয় করে কোনির কাঙ্খিত উচ্চতায় উত্তরনের পিছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য তিনি হলেন কোনির ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ ।
প্রতিভাকে চিনে নিয়ে তাকে সুশৃংখল প্রশিক্ষণের মধ্য দিয়ে চালনা করতে যে অভিজ্ঞতার প্রয়োজন, তা ক্ষিতীশের ছিল । ক্ষিতীশ দেশের জন্য গৌরব এনে দেওয়া একজন খেলোয়াড় তৈরি করতে জলের মতো অর্থ ব্যয় করেছেন । কোনিকে তিনি শিক্ষা দিয়েছেন কেবল একজন সুযোগ্য খেলোয়াড় তৈরির জন্য । নিজে রোজগার বা অন্য কোন স্বার্থের জন্য নয় । নিজের সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি কোনির খাওয়া-দাওয়া ও ঘুমের দায়িত্ব নিয়েছেন । কোনিকে অনিচ্ছাকৃত হলেও তাকে দিয়ে প্রবল পরিশ্রম করিয়েছেন । আবার বড় দাদার মতো তাকে চিড়িয়াখানায় কুমীর দেখাতে নিয়ে গিয়েছেন । যে ক্ষিদ্দা কোনি কেঁদে ফেললেও প্র্যাকটিস থেকে রেহাই দেন নি । খাওয়ার টোপ দিয়ে সাঁতার কাটানোর মতো অমানবিক আচরণ করেছেন । তিনিই আবার কোনি ঘুমিয়ে পড়লে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন । ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোনি নিজেকে প্রমাণ করার পর তার মাথার উপর ঝরে পড়েছে তার আনন্দাশ্রু ।
৮.৩ "জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" — কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো । (২+৩)
Ans. সাহিত্যিক মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসের প্রশ্নোদ্ধৃতাংশের বক্তা, কোনি যখন হিয়ার কাছ থেকে জানতে পারে, জাতীয় সাঁতারের শেষ ইভেন্টে ৪ x ১০০ মিটার রিলেরেসের চতুর্থ ব্যক্তি, অমিয়ার অসুস্থতা জনিত কারণবশতঃ কোনিকে জলে নামতে হবে তখন সে বেঁকে বসেছিল । কারণ সুদূর এই মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার কম্পিটিশনে কোনি প্রতিযোগী হয়ে আসা সত্বেও তাকে বিভিন্ন অজুহাতে বসিয়ে রাখা হয়, প্রতিযোগীদের লিস্টে কোনির নাম নেই, এই কারণে কোনি কোনো ইভেন্টে অংশ নিতে পারে না । শুধু তাই নয় কোনিকে 'চোর' অপবাদও সহ্য করতে হয়েছিল, চড়ও মারা হয়েছিল । এই দুর্ব্যবহারে ক্রুদ্ধ কোনি তাই বাংলার স্বার্থে আর প্রতিযোগিতায় নামতে চায়নি । তার অভিমান হয়েছিল ।
♦ কোনি হিয়ার অনুরোধে হিয়ারই দেওয়া অতিরিক্ত কস্টিউম পরে রিলে রেসে নামার জন্য রাজি হয়েছিল । এরপর মেয়েদের ৪০০ মিটার রিলে রেস শুরু হয় । প্রথমে বাংলার হয়ে জলে ঝাঁপ দেয় হিয়া মিত্র । সে সবার আগে বোর্ড স্পর্শ করে ফিরে এসে বাংলার পুষ্পিতাকে কিছুটা আগুয়ান থাকার সুবিধা দেয় । কিন্তু মহারাষ্ট্র এবার বাংলার থেকে এগিয়ে যায় । এরপর জলে নামে বাংলার বেলা । সে মহারাষ্ট্রের দীপ্তি কারমারকারের সাথে জোর প্রতিযোগিতা করেছিল । বেলার এই সাফল্যকে পরিপূর্ণতা দান করেছিল কোনি । কোনির সাথে প্রতিযোগিতা হয়েছিল মহারাষ্ট্রের নামী সাঁতারু রমা যোশীর । রমার জলে পড়ার তিন সেকেন্ড পরে কোনি জলে ঝাঁপ দেয় । জলে নামার পূর্ব মুহূর্তে সে দেখতে পায়, তার সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহকে । তাঁর মুখে উচ্চারিত হয়েই চলেছিল — "ফাইট কোনি ফাইট ।"
দীর্ঘ অদর্শনের পর কোনি ক্ষিদ্দাকে দেখে মনে বল পায় । রমার পরে জলে নামলেও সে নিজেকে উজাড় করে দেয় । লেখক বলেছেন — জলের বদলে মাটি থাকলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করেছে । ক্ষিদ্দার আপ্তবাক্যকে স্মরণ করে সে রমার সাথে ইঞ্চি ইঞ্চি করে ব্যবধান কমাতে থাকে এবং এগিয়ে যায় । নিজের সমস্ত ক্ষোভ যন্ত্রণাকে উজাড় করে দিয়ে কোনি রমার আগে বোর্ড স্পর্শ করে ও বেঙ্গল লেডিস টিমকে জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন করে দেয় ও হিয়াকে ব্যক্তিগত সর্বোচ্চ স্বর্ণপদক প্রাপ্ত সাঁতারু হওয়ার সুযোগ করে দেয় । এভাবেই কোনি সকল প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের জয়মুকুট পরে নিয়েছিল ।
৮.৪ "আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" — বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ? ১ + ৪
Ans. মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসের প্রথম পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ বিষ্টুচরণ ধরকে উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন ।
- 'কোনি' উপন্যাসে গঙ্গার তীরে বিষ্টুচরণ ধর শরীর ম্যাসেজ করাচ্ছিলেন । সেই সময় স্নান করার জন্য ক্ষিতীশ সিংহ গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন । বিষ্টুচরণ ধরের বিশাল বপু ম্যাসেজের তালে তালে ওঠানামা করছিল । ক্ষিতীশ সিংহ এই দৃশ্য অবলোকন করে হাসি চেপে রাখতে পারেন না । বিষ্টুচরণ ধর অপমানিত বোধ করেন এবং নিজের অর্থ ও প্রভাবের কথা ঘোষণা করেন । বিষ্টুচরণ ধর তাচ্ছিল্য প্রকাশ করেন । আবার একইসঙ্গে ক্ষিতীশ সিংহের শারীরিক দক্ষতা দেখে অবাক হন । বিষ্টুচরণ ধর টাকার গর্বে অন্ধ ছিলেন । কিন্তু টাকা থাকলেই শরীরকে বশে রাখা যায় না । সেই প্রসঙ্গেই ক্ষিতীশ সিংহ উপরিউক্ত মন্তব্যটি করেন ।
৮.৫ "এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ? ২ + ৩
Ans. 'কোনি' উপন্যাসে ক্ষিতীশ সিংহ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন । সেখানে তিন ঘন্টা ঘোরার পর দুজনে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেতে বসেছিল । কিন্তু তাদের সঙ্গে খাবার জল ছিল না । এমত অবস্থায় কোনি তাদের পাশে খেতে বসা ছাত্রীদলের কাছে জল চাইতে যায়, কিন্তু একজন দিদিমণি তাকে ফিরিয়ে দেয় । পরে ওই দলের হিয়া মিত্র নামের একটি মেয়ে কোনিকে জল দিতে আসলে কোনি আগের অপমানের জবাব হিসেবে ওই জলের গ্লাস ফেলে দেয় । হিয়ার প্রতি কোনির যে আক্রোশ প্রকাশ পেল জলের গ্লাস ফেলে দেওয়ার মধ্য দিয়ে রাগটাই মনের মধ্যে পুষে রাখার কথা বলা হয়েছে ।
- কোনি হিয়া মিত্রকে চিনত না, কিন্তু ক্ষিতীশ সিংহ এই হিয়া মিত্রকে চিনত । শুধু চিনতই না, সে জানত কোনির থেকে হিয়া মিত্র সাঁতারে অনেক ভালো অবস্থানে আছে । রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় হিয়ার সাঁতার ক্ষিতীশ সিংহ দেখেছে । বালিগঞ্জ সুইমিং ক্লাবে গিয়েও সে হিয়ার ট্রেনিং দেখে এসেছে । তাই ক্ষিতীশ সিংহ মনে করেছিল হিয়াই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বি । এই অপমানের যন্ত্রণাই কোনিকে এগিয়ে নিয়ে যাবে । তাই হিয়া মিত্রকে হারিয়ে অপমানের প্রতিশোধ নেবার বাসনা জাগিয়ে রাখবার জন্যই ক্ষিতীশ সিংহ এই অপমানটাকে পুষে রাখতে বলেছিল ।
৮.৬ 'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও ।৫
Ans. মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসটি মূলত কোনি এবং তাঁর প্রশিক্ষক ক্ষিতীশ সিংহকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে । পার্শ্বচরিত্র হিসেবে অনেকেই এসেছেন । তাঁদের মধ্যে ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী অন্যতম ।
পরিশ্রমী ও কর্মপটু : ছোটখাটো চেহারার, গৌরবর্ণা এবং গম্ভীর স্বভাবের লীলাবতী যথেষ্ট পরিশ্রমী । তাঁর সাংসারিক জ্ঞান ও সমস্ত কিছু দেখভাল করার জন্যই ক্ষিতীশ সিংহের সংসার টিকে ছিল । লীলাবতীর কর্মতৎপরতাতেই তাঁদের সংসার চলত । 'সিনহা টেলারিং' যখন লোকসানের মুখে সেই সময় লীলাবতী নিজের গয়না বন্ধক রেখে নতুন ধরনের কাজ শুরু করেন । এসময় তিনি দোকানের নাম পালটে 'প্রজাপতি' রেখে অসম্ভব পরিশ্রম ও কর্মতৎপরতার মাধ্যমে চার বছরের মধ্যেই 'প্রজাপতি'র শ্রীবৃদ্ধি ঘটান ।
ব্যবসায়ী মানসিকতাসম্পন্ন : ব্যবসায়িক মনের পরিচয় দিয়ে তিনি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দুজন মহিলা কর্মচারীকে দোকানে রেখে শুধু মেয়ে ও শিশুদের পোশাক তৈরি শুরু করেন । তাঁর নেতৃত্বেই ব্যবসা ক্রমশ বড়ো হয়ে ওঠে এবং আরও বড়ো স্থানের প্রয়োজন হয়ে পড়ে । সেক্ষেত্রেও তিনি নিজেই হাতিবাগানের মতো এলাকায় পাঁচ হাজার টাকার সেলামিতে একটি ভাড়ার দোকানের ব্যবস্থা করেন ।
যোগ্য সহধর্মিনী : গম্ভীর স্বভাবের হলেও লীলাবতী স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং পতিপ্রাণা ছিলেন । স্বামীর স্বভাব এবং সাঁতারপ্রীতির কথা জানতেন বলেই সাংসারিক ও ব্যবসায়ীক সমস্তরকম দেখভাল নিজেই করতেন । স্বামীর আদর্শ বা ভাবনা মেনে নিয়েই তাঁরই ইচ্ছামতো খাওয়ার পদ্ধতিও প্রায় মেনে নিয়েছিলেন । স্বামীর পরিশ্রমী সত্তার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অটুট ছিল বলেই তিনি কোনির সাঁতার দেখতে হাজির হয়েছিলেন । স্বল্প পরিসরেও তাঁর কর্মপ্রাণা, সংসারী এবং পরোক্ষে স্বামী অনুরাগী চরিত্রটি উপন্যাসে ধরা পড়েছে ।
৮.৭'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো ।
Ans. বিখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক মতি নন্দী রচিত ক্ষিতীশ সিংহের চরিত্র নিম্নরূপ—
(ক) জাত শিক্ষক : ক্ষিতীশ সিংহ ছিলেন একজন জাত শিক্ষক তাই তিনি যেকোনো প্রকারে বা মূল্যে কোনিকে স্বপ্ন পূরণের রাস্তায় তুলে দেন ।
(খ) প্রতিভা চেতনার ক্ষমতা : তিনি একজন প্রকৃত শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া মেয়েটির সুপ্ত প্রতিভাকে দেখতে পান ও তা বিকশিত করার চেষ্টা করেন ।
(গ) স্নেহশীল : ক্ষিতীশ সিংহ ছিলেন স্নেহশীল শিক্ষক যিনি কোনিকে মেয়ের মতো দেখতেন ও ভালোবাসতেন ।
(ঘ) দায়িত্ববোধ : তিনি কোনির শিক্ষক হওয়ায় কোনিকে নিজ খরচে, নিজ দায়িত্বে খাওয়াতেন, রাখতেন ও তার বাড়ির কথা জেনে লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ।
(ঙ) গরীব দরদি : ক্ষিতীশ সিংহ ছিলেন একজন গরিব ও দরদি ব্যক্তি । তিনি গরীব মানুষের কাছে যেচে সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করতেন না ।
(চ) সততা : ক্ষিতীশ সিংহ ছিলেন সৎ । তিনি জুপিটার থেকে বেরিয়ে আসার পরও জুপিটারের প্রতি তার ভালোবাসা একটুকুও কমাননি । তিনি তার জীবনে এই সততা বজায় রেখেছিলেন ।
(ছ) তীক্ষ্ণ বুদ্ধি : ক্ষিতীশ সিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী । তিনি কোনির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য টোস্ট, রুটি ও কলার লোভ দেখান ।
(জ) কোনি চরিত্রের পরিপূরক চরিত্র : কোনি উপন্যাসে ক্ষিতীশ চরিত্র ছিল কোনি চরিত্রের পরিপূরক । কোনি সারাজীবন একজন শিক্ষক ও ক্ষিতীশ একজন ছাত্রের খোঁজে জীবন অতিবাহিত করেছেন ।
এইভাবে সমগ্র উপন্যাস জুড়ে আশা, নিরাশার দোলাচালে দুলতে দুলতে কল্পনা বাস্তবের সম্মুখ সমরে পড়ে উক্ত চরিত্রটি জীবনের বিচিত্র সাধ লাভ করে ।
৮.৮ "অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।" — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো ।
Ans. মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বাস্তবে কোনির সাঁতার কাটা সুরু গঙ্গায় । সেখান থেকে বাংলা দলে জায়গা করে নেওয়া নেহাত সোজা ছিল না । দারিদ্রতা ও অশিক্ষার কারণে তাকে তথাকথিত শিক্ষিত ও সভ্য সমাজের কাছে হেনস্থা হতে হয়েছে ।
কোনির নাম প্রথম বাংলা দলে তুলে ধরেন প্রণবেন্দু বিশ্বাস । তিনি কোনির প্রতিবন্ধী হিয়ার প্রশিক্ষক হওয়া সত্বেও বলেন "কনকচাঁপা পালকে বাংলা দলে রাখতে হবে ।" মাদ্রাজের BASA নির্বাচনী সভায় তাই কোনির কথা বলেন । কিন্তু জুপিটারের ক্ষিতীশ বিরোধিতার জন্য তারা কোনিকে দলে রাখতে অসম্মত হয় । এর আগে কম্পিটিশনে কোনিকে ডিসকোয়ালিফাই করা ও প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বলে ঘোষণা করেন । হরিচরণ, ধীরেন ঘোষ গোপন শলাপরামর্শে এসব করা হয় । তবে প্রণবেন্দু বাবু বুঝতে পারেন মহারাষ্ট্রের রমা যোশিকে হারানোর ক্ষমতা কারও থাকলে তা কোনির । তিনি এটাও বলেন যে কোনিকে বাদ দিলে বালিগঞ্জ সুইমিং ক্লাবকে বাদ দিয়ে বাংলা সাঁতার দল গঠিত হবে । তখন ধীরেন ঘোষ ভাবে একটা মেয়ের জন্য এত সমস্যা হলে তাকে নেওয়াই ভালো ।
এইভাবে নানাবিধ বাগবিতণ্ডার মধ্যে দিয়ে প্রতিবাদ সামলে প্রণবেন্দুবাবুর সুবিচারের মাধ্যমে কোনি বঙ্গবাসীর নয়ণের মনি হওয়ার সুযোগ পায় ।
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
১. One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.
Ans. একদিন একটা কুকুর এক কসাইখানা থেকে একটুকরো মাংস চুরি করেছিল । সে একটা সেতু অতিক্রম করছিল । হঠাৎ সে দেখতে পেল জলে তার নিজেরই প্রতিবিম্ব পড়েছে । সে ভাবল যে এটা আরেকটা কুকুর এবং এর কাছে আরো বড় একটা মাংস খন্ড রয়েছে ।
২. One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they wear beyond his reach.
Ans. একদিন একটি শিয়াল একটি আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল । সে দেখেছিল যে, একটা গাছ থেকে পাকা আঙুর ঝুলছে । শিয়ালটি লাফ দিল কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারল না কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল ।
৩. The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.
Ans. শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত হয়ে থাকে । তাঁহারা দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করেন । তাঁহারা নিজেদের সন্তানের মতো ছাত্রদের স্নেহ করেন । শিক্ষকেরা আমাদেরকে সবসময় ভালো এবং জীবনে মহৎ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন ।
১০. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫
১০.১ নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।
Ans. ললিতা : মাধ্যমিক পাশ করার পর তুই তো উচ্চমাধ্যমিক পড়বি ? আমার ভাই এই মাধ্যমিকেই পড়াশুনো থমকে যাবে ।
বিশাখা : দুঃখ করার কিছু নেই । আমারও তো এখন সেই একই অবস্থা । মা-বাবা এখন থেকেই সে কথা জানিয়ে দিয়েছেন ।
ললিতা : স্বাধীনতা শব্দের অর্থ শুধুমাত্র আকারেই বেড়েছে । নারীর ক্ষেত্রে তা বেশির ভাগ সময় সে সবের কোনো অর্থই নেই ।
বিশাখা : বলতো ! এই পড়াশুনা নিয়ে কতটা এগুতে পারি আমরা ।
ললিতা : আমাদের বাবা-মাদের বোঝাতেই হবে । আর তাদের মাথা থেকে সরাতে হবে তাড়াতাড়ি মেয়েদের বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা ।
বিশাখা : মনে আছে যখন আমরা নবম শ্রেণীতে শারদীয় উৎসবে "স্ত্রীর পত্র" অভিনয় করেছিলাম ।
ললিতা : মনে নেই আবার, সে সব কথা মনের মধ্যে গেঁথে আছে । সত্যিকারের নারী স্বাধীনতার হদিস তো ওখানেই পেয়েছিলাম ।
বিশাখা : আর্থিক স্বাধীনতা ছাড়া নারী স্বাধীনতার কোনো অর্থই হয় না । অতএব এবার আমাদের শপথ নিতে হবে, যেমন করেই হোক পড়াশুনোটা আমাদের চালিয়ে যেতে হবে ।
১০.২ কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল —এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
Ans. বলরামপুরে গ্রামে উদ্বোধন হল সরকারি হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, দক্ষিণ ২৪ পরগনা, ২২ শে ফেব্রুয়ারি ২০১৭ : বিষ্ণুপুর ১ নং ব্লকের অন্তর্গত এক প্রান্তিক গ্রাম বলরামপুরে গতকাল স্থানীয় বিধায়ক শ্রী সুকুমর মণ্ডলের উপস্থিতিতে একটি সরকারি হাসপাতালের উদ্বোধন হয়ে গেল ।
এর পূর্বে বলরামপুরে কোনো সরকারি হাসপাতাল ছিল না । চিকিৎসার জন্য মানুষকে বারুইপুর সদরের হাসপাতালে ছুটে যেতে হতো । অনেক সময় সদর হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে গেলে, বহু দুরারোগ্য রোগী পথ মধ্যেই মারা যেতো । কিন্তু এই বলরামপুরে সরকারি হাসপাতালের উদ্বোধন হওয়ার পর এই সমস্যা আর থাকবে না বলেই মনে করছেন সাধারণ মানুষ । স্থানীয় বিধায়ক মহাশয়ের মতে, "বলরামপুর সরকারি হাসপাতাল থাকার দরুন বহু অসুস্থ ব্যক্তি সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন আশা করছি ।"
প্রসঙ্গক্রমে নতুন উদ্বোধন হওয়া এই সরকারি হাসপাতালে দশটি ঘর আছে । ডাক্তার থাকবেন পাঁচজন । বিনামূল্যে ওষুধ পত্র দেওয়ার সুব্যবস্থা থাকবে । এমনকি মাঝরাতে কোনো অসুবিধা হলে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে । হাসপাতালের উন্নত পরিকাঠামো দেখে বলরামপুরের এক বাসিন্দা হাবুল মন্ডলের মতে, "এবার থেকে অসুস্থ হলে আর দুর্ভাবনা থাকবে না । বলরামপুর সরকারি হাসপাতাল গড়ে তোলার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই ।
.........................
Presented by
skacademyallinone.blogspot.com


